কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক ভরসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিজন কুমার গোস্বামী বকুল, সাবেক সাধারণ সম্পাদক কমল চন্দ্র টিপু, পরেশ চন্দ্র এবং পরিতোষ চন্দ্র প্রমুখ।
সভায় বক্তারা বলেন, "বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী, যাতে যার যার ধর্ম সবাই নির্বিঘ্নে পালন করতে পারে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সঠিকভাবে পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে সার্বিক সহযোগিতায় বিএনপি বদ্ধপরিকর।"
তারা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
