ইরান-সমর্থিত হুতিরা বিমান সংস্থা এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে দূরে থাকার জন্য সতর্ক করার কয়েকঘন্টা পরই এ হামলা হয়।
Published : 11 Oct 2026, 11:47 PM
Updated : 12 Oct 2026, 12:08 AM
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলায় আগুন ধরে গেছে। ইরান-সমর্থিত হুতিরা বিমান সংস্থা এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে দূরে থাকার জন্য সতর্ক করার কয়েকঘন্টা পরই এ হামলা হয়।
ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট রোববার একথা জানিয়েছে। জোটটি আরও জানায় যে, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
শনিবার এই বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরটি বন্ধ রয়েছে। হুতি এবং ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ার মাঝে এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সেখানে ঘটা সবচেয়ে প্রাণঘাতী হামলা।"
যদিও বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ, তবুও সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রিয়াদে দীর্ঘদিনের পরিকল্পিত একটি আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন যথারীতি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, রোববার ছোড়া প্রজেক্টাইলের লক্ষ্য ছিল বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এর আগে, হুতিরা এক্স এ দেওয়া এক বিবৃতিতে বলেছিল:
“আমরা সব বিমান সংস্থা, বিশেষজ্ঞ, কর্মচারী, কর্মী এবং ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার জন্য আবারও সতর্ক করছি। কারণ, এগুলো যে কোনও সময় আক্রমণের শিকার হতে পারে এবং আমাদের বাহিনীর জন্য একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে; তবে মক্কা ও মদিনার বিমানবন্দরগুলো এই সতর্কতার আওতাভুক্ত নয়।
“আমরা সবাইকে আমাদের সতর্কবার্তা গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আর আমাদের হামলা প্রতিরোধের কোনও চেষ্টা ব্যর্থ হলে সৌদি আরব দায়ী থাকবে|”
গত মাসে হুতিরা লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকা দখল করে নেওয়ার পর, সৌদি আরব ইয়েমেনে তাদের সামরিক হস্তক্ষেপ জোরদার করেছে। তারা হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে এবং ইয়েমেন সরকারের পাল্টা আক্রমণকে সমর্থন দিচ্ছে।
